https://bindubanglatv.com/
মোঃ আব্দুল্লাহেল কাফী:-
“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় উৎসবমুখর ও বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। গত রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনটি পালন করা হয়।
দিবসের শুরুতে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পত্নীতলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরার প্রধান অতিথিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেন এবং যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের অর্থনৈতিক ভিত মজবুত করা এবং যুবসমাজের বেকারত্ব দূর করা সম্ভব। সমবায় আন্দোলনকে আরও স্বচ্ছ, গতিশীল ও জনমুখী করে তুলতে তৃণমূল পর্যায়ে কাজ করার ওপর বিশেষ জোর দেন বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার সফল ও বিশেষ অবদান রাখা বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।