https://bindubanglatv.com/
বিপ্লব সিকদার:
মেঘনা নদীতে মাছ আছে, ইলিশ আছে, জেলেদের জাল আছে, আছে নৌকার ব্যস্ততা। এবার বুঝি যোগ হলো নতুন এক অতিথি—কুমির! তাও আবার এমন অতিথি, যার আগমনে কোনো দাওয়াত লাগে না, বিদায় নেওয়ার সময়ও কাউকে সালাম দিয়ে যেতে হয় না!
মুন্সীগঞ্জের গজারিয়ার আশ্রাব্দী এলাকায় মেঘনা নদীতে আবারও দেখা মিলেছে একটি বড় আকৃতির কুমিরের। রোববার দুপুরে খেয়া পারাপারের ট্রলারে থাকা যাত্রীরা কুমিরটি দেখতে পান। মুহূর্তেই নদীতে শুরু হয় চাঞ্চল্য। কেউ চিৎকার করেছেন, কেউ তাকিয়ে থেকেছেন, আর কেউ মোবাইল ফোন বের করার আগেই কুমির সাহেব পানির নিচে উধাও!
কুমিরেরও বোধহয় আজকাল প্রচারবিমুখতা বেড়েছে। ছবি তুলতে গেলেই ডুব! যেন বলছে, ‘ভাই, পরিচয় গোপন রাখুন। আমি এখানে বেড়াতে এসেছি, সংবাদ সম্মেলন করতে আসিনি!’
মজার বিষয় হলো, মেঘনা নদীতে কুমির দেখার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ও বন্দর উপজেলার তিনগাঁও এলাকায়ও কুমির দেখার খবর পাওয়া গিয়েছিল। অর্থাৎ কুমিরের যাতায়াতের পরিধি দেখে মনে হচ্ছে, মেঘনা নদীতে তারও একটা নিজস্ব রুট তৈরি হয়েছে। তবে এটি একই কুমির, নাকি ভিন্ন ভিন্ন কুমিরের আনাগোনা—সেটি এখনো রহস্য।
এখন প্রশ্ন হচ্ছে, মেঘনা নদীতে কুমিরের এই আনাগোনা কি নিছক বিচ্ছিন্ন ঘটনা, নাকি নদীর পরিবেশ ও জীববৈচিত্র্যের কোনো গুরুত্বপূর্ণ সংকেত? কুমিরটি কোথা থেকে এসেছে, নদীতে তার স্থায়ী আবাস আছে কি না, কিংবা আরও কুমির রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর জানা জরুরি।
এদিকে নদীতীরের মানুষের মনে স্বাভাবিকভাবেই কিছুটা আতঙ্ক। যারা প্রতিদিন খেয়া পার হন, মাছ ধরেন, গোসল করেন কিংবা নদীতে জীবিকার সন্ধানে নামেন, তাদের কাছে কুমির কোনো রম্য গল্পের চরিত্র নয়; বরং সম্ভাব্য ঝুঁকি।
তাই আপাতত মেঘনায় নামার আগে একটু সতর্ক হওয়াই বুদ্ধিমানের কাজ। কুমিরের সঙ্গে সাঁতার প্রতিযোগিতা কিংবা সেলফি তোলার চেষ্টা না করাই ভালো। কারণ কুমির ক্যামেরার সামনে হাসে কি না, তা জানা নেই; তবে তার দাঁতের হাসি যে মোটেও সুখকর নয়, তা সবাই জানেন!
প্রশাসন, বন বিভাগ ও সংশ্লিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞদের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা। কুমিরের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজন অনুসন্ধান, নিরাপত্তা সতর্কতা এবং প্রয়োজনে উদ্ধার বা ব্যবস্থাপনার উদ্যোগ।
সবশেষে কথা একটাই—মেঘনা নদী মানুষের জীবন-জীবিকার উৎস। সেখানে কুমির থাকলে তারও প্রাকৃতিক অবস্থান থাকতে পারে, কিন্তু মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
কুমির সাহেব যদি সত্যিই মেঘনায় নতুন ঠিকানা গড়ে থাকেন, তাহলে তাঁকে নিয়ে গবেষণা হোক, নিরাপদ ব্যবস্থাপনা হোক। তবে খেয়া পারাপারের যাত্রীদের যেন প্রতিদিন টিকিটের সঙ্গে কুমির দর্শনের বাড়তি ঝুঁকি নিতে না হয়!
মেঘনা নদীতে কুমিরের দেখা মিলেছে, এবার রহস্যের জট খুলুক—কুমিরের ঠিকানা কোথায়?