https://bindubanglatv.com/
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, মাদকদ্রব্য ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানের ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৫ জন, পূর্ববর্তী মামলায় ১২৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৮ জন রয়েছেন। এছাড়া গ্রেফতারি পরোয়ানামূলে ১৩৫ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকসংক্রান্ত অপরাধে গ্রেফতার করা হয়েছে ৬১ জনকে। এর মধ্যে মাদক বহনকারী চারজন ও মাদকসেবী ৫৭ জন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৬১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন ১২২ জন।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময়ে ৪১টি মাদক মামলা দায়ের হয়েছে।
অভিযানে উদ্ধার করা হয়েছে ১১ হাজার ৩৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, দুই বোতল বিদেশি মদ ও ১০ বোতল বিয়ার।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিরুদ্ধে অভিযানে ৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে ২৫ জন, কুমিল্লায় ২১, চাঁদপুরে ১০, লক্ষ্মীপুরে ৯, কক্সবাজারে ৫, ব্রাহ্মণবাড়িয়ায় ৪, নোয়াখালীতে ৩, ফেনীতে ৩, খাগড়াছড়িতে ২ এবং বান্দরবানে একজন গ্রেফতার হয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪৯ জনের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অভিযানে কুমিল্লায় সর্বোচ্চ ২২৪ জন আটক হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৭৬, লক্ষ্মীপুরে ৫৩, ফেনীতে ৫২, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮, কক্সবাজারে ৩০, চাঁদপুরে ২৫, নোয়াখালীতে ২০, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ১০ এবং বান্দরবানে ৮ জনকে আটক করা হয়েছে।
পুলিশের এ অভিযানের পরিসংখ্যানে কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী কার্যক্রমে সর্বোচ্চ সংখ্যক আটকের বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে কিশোর অপরাধ দমনে শুধু আটক বা গ্রেফতার নয়, অপরাধপ্রবণতার কারণ চিহ্নিত করা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরদারি এবং পুনর্বাসন কার্যক্রমও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে কিশোর গ্যাং, মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।