https://bindubanglatv.com/
২০২৭ সালের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। এবারের তালিকার শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তালিকায় আরও আছেন সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তালিকার সম্পাদকদের মতে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সম্পাদনে ভূমিকা রাখার কারণে শাহবাজ শরিফ ও আসিম মুনিরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৬ সালের ৭ আগস্ট তিনটি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। এ ছাড়া ২০২৬ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মুনিরের পর্দার আড়ালের কূটনৈতিক তৎপরতার কথাও উল্লেখ করা হয়েছে।
শীর্ষস্থানীয়দের তালিকায় আরও আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তার পূর্বসূরি আলী খামেনির নাম রাখা হয়েছে প্রয়াত ব্যক্তিদের তালিকায়।
‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে সপ্তম স্থানে আছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামী স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানি। তালিকায় ৩২ তম অবস্থানে আছেন পাকিস্তানের জনপ্রিয় আলেম মাওলানা তারিক জামিল।
ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি আবারও দেশটির সবচেয়ে প্রভাবশালী মুসলিম হিসেবে স্থান পেয়েছেন। তিনি রয়েছেন ১৮তম অবস্থানে রয়েছেন। গত বছরের তুলনায় তালিকায় তার অবস্থান দুই ধাপ পিছিয়েছে।
দেশভিত্তিক তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, ভারতের প্রায় দুই ডজন ব্যক্তি এবার স্থান পেয়েছেন। নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান।
এবারের তালিকায় বর্ষসেরা পুরুষ হিসেবে মনোনীত হয়েছেন গাজার চিকিৎসক ড. হুসাম আবু সাফিয়া। তিনি একজন শিশু বিশেষজ্ঞ। গাজার কামাল আদওয়ান হাসপাতাল খালি করার নির্দেশ অমান্য করে সেখানে অবস্থান করেছিলেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বর থেকে কোনো অভিযোগ ছাড়াই ইসরায়েলের হেফাজতে রয়েছেন এই চিকিৎসক।
বর্ষসেরা নারী নির্বাচিত হয়েছেন ইরানের ফাতেমেহ জাহরা শেখাবাদি। ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা থেকে প্রাণে বেঁচে যান তিনি। পরে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে বক্তব্য দেন এই শিক্ষার্থী।
এদিকে তালিকায় নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ৪৯তম স্থানে রয়েছেন। আগের সংস্করণগুলোতে তার নাম থাকলেও নির্দিষ্ট অবস্থান ছিল না।
তালিকায় ভারতের অন্যান্য ধর্মীয় নেতার মধ্যে রয়েছেন দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি আবুল কাসিম নোমানি এবং দাউদি বোহরা সম্প্রদায়ের নেতা সৈয়দনা মুফাদ্দাল সাইফুদ্দিন।
ইসলামী আলোচক ড. জাকির নায়েক মুসলিম বিশ্বের সম্মানিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিদের তালিকায় রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া হায়দারাবাদ থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত আসাদউদ্দিন ওয়াইসি এবং কাশ্মীরের মিরওয়াইজ উমর ফারুকও তালিকায় রয়েছেন।
তাবলিগ জামাতের নিজামুদ্দিন মারকাজের প্রধান মাওলানা সাদ কান্ধলভিও তালিকায় স্থান পেয়েছেন। বিনোদনজগতের তারকাদের উপস্থিতিও এবার উল্লেখযোগ্য। নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন শাহরুখ খান ও সালমান খান। তাদের পাশাপাশি রয়েছেন আমির খান, শাবানা আজমি এবং সংগীত পরিচালক এ আর রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় সালমান খান দ্বিতীয় এবং শাহরুখ খান চতুর্থ স্থানে রয়েছেন। এ আর রহমানের অবস্থান ২২তম।