https://bindubanglatv.com/
গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গা এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামান এবং চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রোববার প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছেন। আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত এ মিছিলে হাজারও নেতাকর্মী অংশ নেন। এ সময় লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙচুর করেন। জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে।