https://bindubanglatv.com/
আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় মাসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ হবে। এটি মহাসমাবেশ নয়, উদ্বোধনী সমাবেশ বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রুহুল কবির রিজভী জানান, বিজয় মাস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর উদ্বোধনী সমাবেশ হবে। এ সমাবেশকে মহাসমাবেশ বলা হচ্ছে, বিষয়টি সঠিক নয়। এ নিয়ে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে।
তিনি বলেন, “আগামী ১ ডিসেম্বর বেলা ২টায় আমাদের সভা শুরু হবে। নেতাকর্মীরা দুপুর ১২টার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হবেন। আমাদের ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান। মাগরিবের আগেই সভা শেষ করা হবে।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন, জানিয়ে রিজভী বলেন, তিনি এ দেশের গণমানুষের নেতা এবং কোটি কোটি মানুষের জনসমর্থিত নেতা। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সমাবেশে যোগ দেবেন।
বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ১৬ ডিসেম্বরের বিজয় এ জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই বিজয় জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত থাকতে অনুপ্রেরণা জোগায়। আগামী দিনগুলোতেও বিজয় দিবস জাতিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার আরও দৃঢ় করবে।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন প্রক্রিয়া চলছে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও হত্যার রাজনীতি থেকে সরে আসেনি বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকর্মী, নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্র, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের রাজু মোল্লা, নড়াইলের কালিয়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান এবং জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানাকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
রুহুল কবির রিজভীর অভিযোগ, শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশের বাইরে থেকে এসব অস্থিতিশীল কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে বলে দাবি করেন তিনি।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা যেমন গুরুত্ব দিয়ে তুলে ধরতে হবে, তেমনই এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপও বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা প্রয়োজন। গণমাধ্যমে সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে উঠে আসছে না বলেও অভিযোগ করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, “আপনারা আসল তথ্য-উপাত্ত নিয়ে সংবাদ করবেন। গণমাধ্যম অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে, এটা জনগণ বিশ্বাস করে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হবে, গণমাধ্যম যত শক্তিশালী হবে, গণতন্ত্রও তত শক্তিশালী হবে। অপপ্রচার গণতন্ত্রের জন্য বিপজ্জনক।”
শ্রমিক আন্দোলন ও শিল্পকারখানা অন্য দেশে চলে যাওয়ার প্রচারণার সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের খবর প্রচারের ক্ষেত্রে তথ্য-উপাত্ত যাচাই করা জরুরি। শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সরকার দ্রুত আলোচনা করেছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সংসদ সদস্য ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।