ঢাকা   ০৬:৩৭:৩২ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

জাতীয় দলকে বিদায় বলছেন মুশফিক

Reporter Name
  • Update Time : Saturday, November 28, 2026,
  • 0 Time View
  • ১০ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

একটি দীর্ঘ ক্রিকেটীয় যাত্রার শুরু হয়েছিল ইংল্যান্ডের মাটিতে, লর্ডসের ঐতিহাসিক মাঠে। প্রায় ২২ বছর পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই শেষ হতে যাচ্ছে মুশফিকুর রহিমের টেস্ট অধ্যায়। মাঝখানে কেটে গেছে দুই দশকের বেশি সময়, বদলেছে বাংলাদেশের ক্রিকেটের অনেক কিছু। বদলায়নি শুধু ব্যাট হাতে মুশফিকের লড়াইয়ের মানসিকতা। সেই লড়াইয়ের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন দেশের ক্রিকেটের অন্যতম সফল এই ব্যাটসম্যান!

ওয়ানডে ও টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছিলেন আগেই। এবার সাদা পোশাকের ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মুশফিক। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাওয়া টেস্ট সিরিজ দিয়েই শেষ হবে তার আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ পথচলা। সেই সিরিজের প্রথম টেস্টই হতে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে মুশফিকের শেষ ম্যাচ।

আজ শনিবার বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। সিদ্ধান্তটি এসেছে দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফেরার পর। সেঞ্চুরিয়নে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় বাংলাদেশের টেস্ট ম্যাচ। শনিবার দেশে ফেরার কথা থাকলেও দুদিন আগেই ফিরতে হয় দলকে। জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় সেটিই হয়ে থাকল মুশফিকের শেষ সফর। তবে তার বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে দেশের মাটিকেই।

মুশফিকের বিদায়ের গল্পে ইংল্যান্ডের সঙ্গে সম্পর্কটা বেশ প্রতীকী। ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই হয়েছিল তার টেস্ট অভিষেক। তখন তিনি ছিলেন তরুণ, সামনে পড়ে ছিল অনিশ্চিত এক দীর্ঘ পথ। সেই পথ পেরিয়ে ৩৯ বছর বয়সে এসে একই প্রতিপক্ষের বিপক্ষে শেষ করতে যাচ্ছেন টেস্ট ক্যারিয়ার। মাঝখানে অবশ্য আরেকটি সম্ভাবনা ছিল। আগামী বছরের মে মাসে লর্ডসে বাংলাদেশের একটি টেস্ট খেলার কথা রয়েছে। চাইলে সেই ঐতিহাসিক মাঠে ফিরেই বিদায় বলতে পারতেন। কিন্তু সেই অপেক্ষায় না থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্র শেষ করেই থামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিদায়ের আগে পরিসংখ্যানের পাতায় নিজের জন্য তৈরি করে গেছেন আলাদা একটি জায়গা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা এবং সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড এখন তার দখলে। ১০৮ টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে করেছেন ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।

শুরুর পথটা অবশ্য এতটা মসৃণ ছিল না। ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে ১৬ টেস্ট খেলেও কোনো সেঞ্চুরির দেখা পাননি মুশফিক। অথচ সেই তিনিই পরবর্তী সময়ে হয়ে উঠেছেন বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের অন্যতম নির্ভরতার নাম। ১৪টি সেঞ্চুরি নিয়ে দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ শতকের মালিক তিনি। শুধু সেঞ্চুরিই নয়, বড় ইনিংস খেলার সামর্থ্যেও নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক করেছিলেন মুশফিক। এরপর আরও দুবার সেই কীর্তি গড়েছেন। বাংলাদেশের ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যানও তিনি। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করে গড়েছেন বিশ্ব রেকর্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে আরও আটজন উইকেটকিপার দ্বিশতক করলেও একাধিকবার এই কৃতিত্ব দেখাতে পারেননি কেউ।

মুশফিকের ক্যারিয়ারে শতকের পাশাপাশি আছে শততম টেস্টেও শতক করার বিরল অর্জন। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন তিনি। বিশেষ সেই ম্যাচকে স্মরণীয় করে রাখেন ১০৬ রানের ইনিংস খেলে। শততম টেস্টে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের বিরল তালিকাতেও জায়গা করে নেন।

ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়ার পাশাপাশি অধিনায়ক হিসেবেও বাংলাদেশের ক্রিকেটে রেখে গেছেন গুরুত্বপূর্ণ ছাপ। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন দলকে। তার অধীনে সাতটি ম্যাচ জিতেছে বাংলাদেশ, ড্র করেছে নয়টি। একাধিক টেস্টে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে তার পরাজয়ের হার সবচেয়ে কম, ৫২.৩৪ শতাংশ।

অধিনায়ক মুশফিকের সাফল্যের তালিকায় বিশেষ জায়গা দখল করে আছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়। ২০১৬ সালে তার নেতৃত্বেই ইংল্যান্ডকে প্রথমবারের মতো টেস্টে হারায় বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকেও পরাজিত করে দল। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টের জয়টিও এসেছিল তার নেতৃত্বে।

লর্ডসে হাবিবুল বাশারের অধিনায়কত্বে যে যাত্রা শুরু হয়েছিল, সেখানে মুশফিকের সতীর্থ ও অধিনায়ক হিসেবে পেরিয়ে গেছে অনেক মুখ। নিজের অধিনায়কত্বের পাশাপাশি আরও আটজনের নেতৃত্বে খেলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বেই শেষবারের মতো টেস্টের মাঠে নামবেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।

৩৯ বছর বয়সী মুশফিকের বিদায় তাই কেবল একজন ক্রিকেটারের অবসর নয়; বাংলাদেশের টেস্ট ক্রিকেটের দীর্ঘ একটি সময়ের সমাপ্তিও। যে সময়টায় তিনি কখনো উইকেটের পেছনে গ্লাভস হাতে, কখনো ব্যাট হাতে দলের কঠিন মুহূর্তে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত রেকর্ড, ঐতিহাসিক জয় আর অসংখ্য স্মৃতির ভেতর দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের ক্রিকেটের অন্যতম বড় নাম হিসেবে। এবার শেষবারের মতো সাদা পোশাকে মাঠে নামার অপেক্ষা!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি