• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]

মেঘনায় নজরুলের চেতনায় মুখর সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা (মেঘনা) প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে কুমিল্লার মেঘনা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। কবির জীবন, কর্ম, সাহিত্য ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মেঘনা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার। তিনি প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে ইউএনও মৌসুমী আক্তার বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক চেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
তিনি বলেন, নতুন প্রজন্মকে নজরুলের জীবন ও কর্মের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাঁর মানবিক মূল্যবোধ ধারণের সুযোগ করে দিতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
ইউএনও আরও বলেন, নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী কবি। তাঁর কবিতা ও গান মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস জুগিয়েছে। নজরুলের সাম্য ও মানবতার দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। নজরুলের জীবন ও কর্ম নিয়ে আয়োজিত এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নজরুলের কালজয়ী গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় মিলনায়তন মুখর হয়ে ওঠে। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও দর্শনার্থীরা পরিবেশনা উপভোগ করেন।
আয়োজকরা জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক বিষয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে।
নজরুলের বিদ্রোহী চেতনা, সাম্যবাদী দর্শন, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে মেঘনায় এ আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন