কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে জান্নাতুত তাজমীন (১৩) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় পাশে পড়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জান্নাতুত তাজমীন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। সে যশোর সদরের ছাতিয়ানতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। বাবা একটি ওষুধ কোম্পানিতে চাকরির কারণে দীর্ঘদিন ধরে সপরিবারে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করছেন তারা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মিজানুর রহমান বলেন, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।