https://bindubanglatv.com/
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোট ১৪টি পূজামণ্ডপ পৃথকভাবে পরিদর্শন করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁরা পৃথকভাবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান সেলিম ভূঁইয়ার
পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, উৎসব সবার। প্রত্যেকে যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব মারুফ হোসেনের
অন্যদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। এ অধিকার রক্ষা এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য স্থানীয় জনগণ, পূজা উদযাপন কমিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সামাজিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে দুই নেতা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং উৎসবের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। তাঁদের পৃথক পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়।