https://bindubanglatv.com/
কুমিল্লা সংবাদদাতা :
রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় কুমিল্লার দাউদকান্দিতে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭২ বোতল স্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও।
সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় পুলিশের চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল উপপরিদর্শক (এসআই) রেজওয়ানের নেতৃত্বে টোল প্লাজায় চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে রোগী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে লুকানো ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে অ্যাম্বুলেন্সসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার নাহিদ (২৬) এবং একই উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাহিরগোড়া এলাকার আব্দুর রহিম মুন্না (২৬)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।