https://bindubanglatv.com/
মো: মিলন শাহ, বিশেষ প্রতিনিধি:
তানোরে একইদিনে একঘন্টার ব্যাবধানে বিএনপির নেতা মফিজ ও মুনসুরের মৃত্যু।
রাজশাহীর তানোরে একই দিনে না মৃত্যুপূরীতে চলে গেছেন উপজেলা বিএনপির দুই জনপ্রিয় ও প্রবীণ শীর্ষ নেতা মফিজ উদ্দিন ও মুনসুর রহমান। তাদের এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সর্বস্তরের জনগণের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চাঁন্দুড়িয়া গ্রামের এই জনপ্রিয় নেতার জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। তাঁর জানাজায় অংশ নেন নেসকোর চেয়ারম্যান ও বিএনপি নেতা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এদিকে, মফিজ উদ্দিনের মৃত্যুর মাত্র এক ঘণ্টা আগে শুক্রবার রাত ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তানোর উপজেলা বিএনপির আরেক সাবেক সাধারণ সম্পাদক ও তালন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুনসুর রহমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তানোর সদরের গোল্লাপাড়া মহল্লার বাসিন্দা প্রবীণ এই নেতার দাফন শনিবার দুপুর সাড়ে ১২টায় মোহর গ্রামের পারিবারিক গোরস্থানে সম্পন্ন হয়। মরহুম মুনসুর রহমানের জানাজায়ও মানুষের ঢল নামে। তাঁর জানাজায় শরিক হন রাজশাহী-১ (তানোর -গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, তানোর উপজেলা জামায়াতের আমির আলমগির হোসেন এবং সেক্রেটারি ডিএম আক্কাছ আলী। এছাড়া বিএনপি ও জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনসাধারণ জানাজায় অংশ নিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
একই দিনে তানোর উপজেলা বিএনপির দুই ভারি মাপের নেতার এমন চিরবিদায়ে উপজেলা বিএনপি, জামায়াতসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।