https://bindubanglatv.com/
কুমিল্লায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের ৮১ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তিন দিনব্যাপী বিশেষ সাঁড়াশি অভিযানে জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে সব থানাকে সমন্বিতভাবে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তিন দিনের অভিযানে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রাম থানায় ১০ জন, চান্দিনা থানায় ৭ জন, বুড়িচং থানায় ৩ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৫ জন, বরুড়া থানায় ১০ জন, লাকসাম থানায় ৪ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, নাঙ্গলকোট থানায় ৪ জন, দাউদকান্দি মডেল থানায় ২ জন, তিতাস থানায় ১ জন, হোমনা থানায় ৩ জন, মেঘনা থানায় ২ জন, দেবিদ্বার থানায় ২ জন, মুরাদনগর থানায় ১ জন, বাঙ্গরাবাজার থানায় ৪ জন এবং লালমাই থানায় ৪ জন রয়েছেন। এ ছাড়া জেলা গোয়েন্দা শাখার অভিযানে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার সমন্বয়ে পরিচালিত এ অভিযানের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার বিবরণ এবং আদালতে পাঠানোর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে আইনগত সিদ্ধান্ত কার্যকর হবে।