https://bindubanglatv.com/
নিজস্ব প্রতিবেদক:
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে ‘কূটনৈতিক চাল’ হিসেবে অভিহিত করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান। এ পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক কৌশল ও দক্ষতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একাধিক স্ট্যাটাসে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি চাওয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান মারুফ কামাল খান।
প্রথম স্ট্যাটাসে তিনি লেখেন, “চটজলদি নয়া পাসপোর্ট ও এনআইডি দিয়ে দাও। ‘ধাড়ি পাখি’টা খাঁচায় ঢুকুক। নিজে থেকেই চাইছে যখন।”
এরপর দুপুর ২টার দিকে দেওয়া দ্বিতীয় স্ট্যাটাসে তিনি বিষয়টিকে আরও রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেন। সেখানে মারুফ কামাল খান লেখেন, “নতুন পাসপোর্ট চাওয়া এবং এর প্রক্রিয়া পুরোটাই কূটনৈতিক চাল। এটা মোকাবিলা করতে হবে রাজনৈতিকভাবে। রাজনীতি কিন্তু কানা ঘোড়ার সোজা দৌড় নয়। রাজনীতির সুদক্ষ শিল্প-নৈপুণ্য রয়েছে।”
মারুফ কামাল খানের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি পাওয়ার উদ্যোগ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে ওই চিঠি পাঠান। এতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা, নতুন পরিচয়পত্রের আবেদন এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের বিদ্যমান টানাপোড়েন—সব মিলিয়ে বিষয়টি নতুন রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
মারুফ কামাল খানের দুটি ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি মোকাবিলায় রাজনৈতিক দূরদর্শিতা ও কৌশলগত দক্ষতার ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে।