গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে গাছপালা কেটে ফেলা, এক বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা মোছা. হাউসী বেগম (৬৫) অভিযোগ করেন, তার স্বামী মৃত দেলদার শেখ ও দেবর বেলাল হোসেনের কবলা সূত্রে ক্রয় করা চার শতক জমিতে দীর্ঘদিন ধরে বাঁশঝাড়সহ বিভিন্ন ফলজ গাছপালা রয়েছে। ওই জমির মালিকানা নিয়ে একই গ্রামের মোছা. কল্পনা বেগম, তার মেয়ে মীম খাতুনসহ আরও ২-৩ জনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
অভিযোগে হাউসী বেগম উল্লেখ করেন, শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে ওই জমিতে গিয়ে বাঁশ, সুপারি, কাঁঠাল, বাদাম, জলপাইসহ বিভিন্ন গাছ করাত ও দা দিয়ে কেটে ফেলেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ সময় তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা গাছের ডাল দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানিরও অভিযোগ করা হয়েছে।
তার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।