যুক্তরাজ্যের পার্লামেন্টের All-Party Parliamentary Group (APPG) on Bangladesh-এর তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-এর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পার্লামেন্টের মধ্যে সহযোগিতা, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের বিভিন্ন বিষয়, বাণিজ্য সম্প্রসারণ, সাংস্কৃতিক বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য মিজ আপসানা বেগম। প্রতিনিধিদলের অপর দুই সদস্য হলেন মিস্টার শকাত আদম, এমপি এবং লর্ড কুরবান হোসেন।
সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী সংস্কৃতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্য ও সম্প্রীতির এক অনন্য প্রতিচ্ছবি। দেশের ৫০টিরও বেশি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নিজ নিজ ভাষা, ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রেখে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। পাহাড় ও সমতলের বৈচিত্র্যময় জীবনধারা, নদীমাতৃক প্রকৃতি এবং মানুষের বহুমাত্রিক জীবনাচরণ বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ ও বৈচিত্র্যময়।
মন্ত্রী বলেন, “বাংলাদেশে ভিন্ন মত, পথ, ধর্ম ও বর্ণের মানুষ পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে। রাষ্ট্রের দৃষ্টিতে সকল নাগরিক সমান এবং আইনের চোখে সবার সমান অধিকার রয়েছে। সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু—এ ধরনের কোনো বিভাজন আমরা দেখতে চাই না। প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে।”
তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক ধারায় বিঘ্ন ঘটলেও সাম্প্রতিক জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারায় নতুন যাত্রা শুরু হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ ও দুই-তৃতীয়াংশ ভোটের সমর্থনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার জনগনের কল্যাণে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ করেছে। আগামী দিনেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বাংলাদেশে দুর্গাপূজার ব্যাপক আয়োজনের কথা তুলে ধরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, গত বছর সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এ বছর এ সংখ্যা আরও প্রায় ৫ হাজার বৃদ্ধি পেতে পারে বলে তিনি জানান। এর মাধ্যমে বাংলাদেশের অসাম্প্রদায়িক ও সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র আরও সুস্পষ্টভাবে প্রতিফলিত হয় বলে তিনি উল্লেখ করেন।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি প্রতিনিধিদলকে জানান, হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চাওয়া ৪ কোটি টাকার পরিবর্তে ৫ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি দুর্গাপূজার সময়ে সরকারি ছুটি এক দিন বাড়ানোর বিষয়েও তিনি অবহিত করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে পার্লামেন্ট-টু-পার্লামেন্ট সহযোগিতা আরও জোরদার করা, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীর বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সংস্কৃতি সচিব ইয়াসমিন বেগম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়া সুমনা এ সময় উপস্থিত ছিলেন