ঢাকা   ০৬:১২:০৪ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

Reporter Name
  • Update Time : Wednesday, October 28, 2026,
  • 0 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে চোরাই সিএনজিচালিত অটোরিকশাসহ আন্তজেলা সিএনজি চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে মুরাদনগর ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জুম্মান হোসেন ওরফে জুম্মান ড্রাইভার (৩৩), মো. জসিম (৩০) ও মামুন মিয়া (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মুরাদনগর থানার ১৪ নম্বর নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর থোল্লা গ্যাস পাম্পের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পুলিশের চেকপোস্ট দেখে একটি সিএনজিচালিত অটোরিকশা পালানোর চেষ্টা করে। পুলিশ সেটি আটক করলে অটোরিকশা থেকে একজন পালিয়ে যান। এ সময় জুম্মান হোসেন ও জসিমকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তাঁরা অটোরিকশাটির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পুলিশ জানায়, তাঁরা অটোরিকশাটি চোরাই বলে স্বীকার করেন। পরে সেটি জব্দ করা হয়।
আটক দুজনের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক মামুন মিয়ার অবস্থান শনাক্ত করে পুলিশ। একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশের সহায়তায় কুটি চৌমুহনী এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা আন্তজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দেশের বিভিন্ন স্থান থেকে সিএনজি অটোরিকশা চুরি করে এক জেলা থেকে অন্য জেলায় কেনাবেচা করতেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, জুম্মান হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানায় ২০২৫ সালের ২৪ অক্টোবর ডাকাতির প্রস্তুতি-সংক্রান্ত একটি মামলা এবং ২০১৮ সালের ২ সেপ্টেম্বর ছিনতাই-সংক্রান্ত একটি মামলা রয়েছে। এ ছাড়া বোয়ালখালী থানায় ২০২১ সালের ৬ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
এ ঘটনায় মুরাদনগর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি