https://bindubanglatv.com/
বিপ্লব সিকদার :
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পদ থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে আবেগঘন বার্তায় ১১ জেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন পুলিশ কর্মকর্তা আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। দায়িত্ব পালনকালে অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান, মানবিক পুলিশিং, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনগণের আস্থা অর্জনের প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেছেন, পদ থেকে বিদায় নেওয়া যায়, কিন্তু মানুষের হৃদয়ে তৈরি হওয়া ভালোবাসার স্থান থেকে কখনো বিদায় নেওয়া যায় না।
নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশিত ‘বিদায়ের ক্ষণে হৃদয়ের কিছু কথা’ শিরোনামের দীর্ঘ বার্তায় তিনি চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার নাগরিকদের উদ্দেশে এসব কথা বলেন।
বিদায়ী বার্তায় আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, একজন পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মস্থল পরিবর্তন পেশাগত জীবনের স্বাভাবিক নিয়ম হলেও মানুষের কাছ থেকে বিদায় নেওয়া তাঁর জন্য অত্যন্ত আবেগের ও বেদনার। পদ, কর্মস্থল ও দায়িত্ব পরিবর্তন হলেও মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক সহজে বদলায় না।
তিনি জানান, চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালনকালে তাঁর মূল লক্ষ্য ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কোনো অসহায় মানুষ যেন পুলিশের দরজা থেকে ফিরে না যান, নির্যাতিত নারী যেন পুলিশের মধ্যে আশ্রয় খুঁজে পান এবং সাধারণ নাগরিক যেন আইনের সমান প্রয়োগে আস্থা রাখতে পারেন—এমন পুলিশিং প্রতিষ্ঠার চেষ্টা করেছেন তিনি।