https://bindubanglatv.com/
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৮ হাজার ৬৪৯ টন প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এসব পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৩০৯ কোটি টাকা। রপ্তানির তালিকায় রয়েছে মাংস ও মাংসজাত পণ্য, চামড়া, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন ধরনের প্রাণিজ পণ্য। এসব পণ্যের বাজার যুক্তরাষ্ট্র, কানাডা, ভিয়েতনাম, চীন, হংকং, ইতালি ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী জানান, রপ্তানি হওয়া পণ্যের মধ্যে রয়েছে মাংস ও মাংসজাত পণ্য, বুলস্টিক, ওমাসাম, চামড়া ও চামড়াজাত পণ্য, হাঁসের পালক, দুগ্ধজাত পণ্য এবং কবুতর। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের চাহিদা ও রপ্তানির সুযোগ কাজে লাগাতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পণ্যের গুণগত মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে স্থির মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। একই অর্থবছরে এ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকা।
দেশে প্রাণিজ খাদ্য উৎপাদনের চিত্রও তুলে ধরেন মন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে। দেশের মানুষের দৈনিক মাথাপিছু প্রাণিজ পণ্য গ্রহণের প্রায় ৫৬ শতাংশ আসে স্থানীয় উৎপাদন থেকে।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের ক্রমবর্ধমান দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির যথেষ্ট সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পণ্যের মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন করতে হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানিমুখী প্রাণিসম্পদ শিল্প গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করা প্রয়োজন। প্রযুক্তির ব্যবহার ও নতুন উদ্ভাবনের মাধ্যমে এ খাতের উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।