• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [gtranslate]

মানিকারচর–আলীপুর সড়কে ৬০০ মিটার ব্রিজ নির্মাণের দাবি

বিপ্লব সিকদার / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে মানিকারচর–আলীপুর লঞ্চঘাট সড়কে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি উঠেছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা দিয়েছেন।জানা গেছে, কুমিল্লা-০১ (দাউদকান্দি-মেঘনা) আসনের আওতায় দাউদকান্দি উপজেলায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং মেঘনা উপজেলায় ৮টি ইউনিয়নের মানুষ প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে মানিকারচর-আলীপুর লঞ্চঘাট সড়কের একটি গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী সেতু না থাকায় জনগণকে নৌপথ বা বিকল্প দীর্ঘ সড়ক ব্যবহার করতে হচ্ছে।এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে। ফলে শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যসহ জরুরি সেবায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, সড়কের ৫২৩০ মিটার চেইনেজ পয়েন্টে প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্যের একটি পিএসসি গার্ডার সেতু নির্মাণ করা হলে দাউদকান্দি ও মেঘনা উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এর মাধ্যমে কুমিল্লা জেলা সদর ও রাজধানী ঢাকার সঙ্গে সহজ ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত হবে।
এ বিষয়ে ড. খন্দকার মোশারফ হোসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আবেদন জানিয়ে সেতুটি “গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (CIBRR) (২য় পর্যায়)” প্রকল্পের ডিপিপিতে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন।
এদিকে এলাকাবাসী দ্রুত প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন, যাতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন