ঢাকা   ১১:৪৮:৫৫ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীর পরীক্ষা হোক নিজস্ব প্রশ্ন তৈরির দক্ষতায়

Reporter Name
  • Update Time : Saturday, November 28, 2026,
  • 3 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

বিপ্লব সিকদার :
বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা যাচাইয়ের প্রধান মাধ্যম এখনো পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষায় একজন শিক্ষার্থী কতটা মুখস্থ করতে পেরেছে, তার চেয়ে কতটা বুঝেছে, বিশ্লেষণ করতে পারে এবং নতুন চিন্তা করতে পারে—সেটি কতটা গুরুত্ব পাচ্ছে? প্রশ্নটি এখন নতুন করে ভাবার সময় এসেছে। কারণ শিক্ষা যদি কেবল পরীক্ষায় ভালো ফল করার উপায় হয়ে দাঁড়ায়, তবে তার প্রকৃত উদ্দেশ্য অর্জিত হয় না।
শিক্ষার মূল লক্ষ্য জ্ঞান অর্জন, সেই জ্ঞান প্রয়োগ এবং নতুন জ্ঞান সৃষ্টির সক্ষমতা তৈরি করা। অথচ আমাদের প্রচলিত পরীক্ষাব্যবস্থায় শিক্ষার্থীর সাফল্য অনেকাংশে নির্ভর করে নির্ধারিত প্রশ্নের সঠিক উত্তর লিখতে পারার ওপর। ফলে পাঠ্যবইয়ের বিষয়বস্তু গভীরভাবে অনুধাবনের পরিবর্তে পরীক্ষায় কী আসতে পারে, তা অনুমান করা এবং সম্ভাব্য উত্তর মুখস্থ করার প্রবণতা তৈরি হয়। এতে শিক্ষার্থীর চিন্তাশক্তি ও অনুসন্ধিৎসা বিকাশের সুযোগ সীমিত হয়ে পড়ে।

একটি ভালো প্রশ্ন তৈরির জন্য প্রয়োজন পাঠ্যবস্তুর ওপর দখল, বিশ্লেষণী চিন্তা, কৌতূহল এবং যুক্তি প্রয়োগের সক্ষমতা। এ কারণে প্রশ্ন তৈরি নিজেই হতে পারে শেখার একটি কার্যকর পদ্ধতি। শিক্ষার্থী যখন কোনো বিষয় নিয়ে প্রশ্ন তৈরি করে, তখন সে কেবল তথ্য গ্রহণ করে না; বরং তথ্যের অর্থ, প্রাসঙ্গিকতা ও সীমাবদ্ধতা নিয়েও চিন্তা করে।
বাংলাদেশে ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে মুখস্থনির্ভরতা কমিয়ে শিক্ষার্থীর জ্ঞান, বুদ্ধিবৃত্তিক সক্ষমতা ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। একই লক্ষ্য সামনে রেখে সৃজনশীল প্রশ্নপদ্ধতিও চালু হয়। কিন্তু অভিজ্ঞতা দেখিয়েছে, প্রশ্নের ধরন পরিবর্তন করলেই মুখস্থনির্ভরতা দূর হয় না। সৃজনশীল প্রশ্নের উত্তরও অনেক ক্ষেত্রে গাইডবই ও সহায়ক বই থেকে মুখস্থ করার প্রবণতা তৈরি হয়েছে। অর্থাৎ, শিক্ষার্থীর চিন্তার পরিবর্তে পরীক্ষার কৌশলই হয়ে উঠেছে সাফল্যের অন্যতম মাধ্যম।
এখানেই প্রশ্ন তৈরিনির্ভর মূল্যায়নের সম্ভাবনা। তবে বিষয়টি এমন নয় যে শিক্ষার্থী যত বেশি প্রশ্ন তৈরি করবে, সে তত বেশি নম্বর পাবে। প্রশ্নের সংখ্যা নয়, প্রশ্নের মানই হতে হবে মূল্যায়নের ভিত্তি। একজন শিক্ষার্থী দশটি সাধারণ প্রশ্ন তৈরি করল, আরেকজন তৈরি করল তিনটি গভীর বিশ্লেষণধর্মী প্রশ্ন—দ্বিতীয় শিক্ষার্থীর প্রশ্নগুলো যদি বিষয়বস্তুর গভীর উপলব্ধি ও মৌলিক চিন্তার পরিচয় দেয়, তবে তার মূল্যায়নও বেশি হওয়া উচিত।
এ ক্ষেত্রে প্রশ্নের প্রাসঙ্গিকতা, মৌলিকত্ব, বিশ্লেষণী গভীরতা এবং বিষয়বস্তুর সঙ্গে সম্পর্ক বিবেচনায় নিতে হবে। শিক্ষার্থী কেন প্রশ্নটি তৈরি করেছে, এর উত্তর খুঁজতে কী ধরনের জ্ঞান প্রয়োজন এবং প্রশ্নটি নতুন কোনো চিন্তার সুযোগ তৈরি করে কি না—এসব বিষয়ও মূল্যায়নের অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি