https://bindubanglatv.com/
কুমিল্লার দাউদকান্দিতে একটি দেশীয় একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ, দুটি লোহার গ্রিল কাটার ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. রুবেল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই এলাকায় ঈশাখাঁ পেট্রোল পাম্পের পেছনে নুরুল ইসলামের একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। কুমিল্লা জেলা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার রুবেলের হেফাজত থেকে অস্ত্র, কার্তুজ ও গ্রিল কাটার উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল কুখ্যাত ডাকাত সর্দার নূরনবী গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।