ঢাকা   ০৫:০৭:৪২ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া যেতে ৭ লাখ, বোয়েসেলে দেড় লাখ!

Reporter Name
  • Update Time : Monday, November 9, 2026,
  • 1 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাড়তি ৪ থেকে প্রায় ৬ লাখ টাকা আদায়ের অভিযোগ, সিন্ডিকেটের ভূমিকা নিয়ে প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারীর

বিপ্লব সিকদার :
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে প্রাথমিক ব্যয় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। অথচ বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে একই শ্রমবাজারে একজন কর্মীর কাছ থেকে ৬ থেকে সাড়ে ৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এতে একজন কর্মীকে অতিরিক্ত ৪ লাখ ৪০ হাজার থেকে ৫ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। এই বিপুল অঙ্কের অতিরিক্ত অর্থ কার পকেটে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রশ্ন তুলে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে সরকারের জবাবদিহি দাবি করেন।

পোস্টে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রাথমিক ব্যয় যেখানে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা, সেখানে বেসরকারি এজেন্সিগুলো ৬ থেকে সাড়ে ৭ লাখ টাকা নিচ্ছে। অর্থাৎ একজন শ্রমিকের কাছ থেকেই বাড়তি ৪ লাখ ৪০ হাজার থেকে ৫ লাখ ৯০ হাজার টাকা আদায় করা হচ্ছে।

এই অতিরিক্ত অর্থের গন্তব্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এর পেছনে কোনো সিন্ডিকেট কাজ করছে কি না, কিংবা মন্ত্রী অথবা সরকারের প্রভাবশালী কোনো মহলের কাছে এর ভাগ পৌঁছাচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী নুরুল হকের উদ্দেশে প্রশ্ন রেখে এনসিপির এই নেতা বলেন, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কী? সিন্ডিকেটের প্রভাবমুক্ত স্বচ্ছ অভিবাসনব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে, নাকি শ্রমিকদেরই অস্বাভাবিক ব্যয়ের বোঝা বহন করতে হবে?
তিনি আরও বলেন, শ্রমিকেরা বিদেশে যান পরিবারের ঋণ পরিশোধ এবং আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায়। অথচ বিদেশে যাওয়ার আগেই তাঁদের কয়েক লাখ টাকা ঋণের বোঝায় পড়তে হচ্ছে। রেমিট্যান্স দেশে আসার আগেই যদি মধ্যস্বত্বভোগীদের পকেটে বিপুল অর্থ চলে যায়, তাহলে প্রকৃতপক্ষে কার অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, সেই প্রশ্নও সামনে এসেছে।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারণ, বৈধ রিক্রুটিং এজেন্সির ব্যবসা এবং কর্মসংস্থান বৃদ্ধির পক্ষে তাঁরা। তবে অভিবাসন ব্যয় যৌক্তিকভাবে নির্ধারণ ও প্রকাশ, প্রতিটি টাকার হিসাব নিশ্চিত এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।
তিনি সরকারের কাছে এ বিষয়ে সুস্পষ্ট জবাব দাবি করে বলেন, প্রবাসীদের রেমিট্যান্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, আর তাঁদের স্বপ্নকে পুঁজি করে সিন্ডিকেটের অর্থনীতি চলবে—এটি গ্রহণযোগ্য হতে পারে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি