https://bindubanglatv.com/
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র্যালি শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বহরে থাকা কয়েকটি গাড়ি।
সোমবার (৯ নভেম্বর) দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক প্রতিবাদ বার্তায় এ অভিযোগ করা হয়।
প্রতিবাদ বার্তায় বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু ও সুফিয়া বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির দাবি, শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে অতিথি ও নেতাকর্মীরা ফেরার পথে দেবিদ্বার পশু হাসপাতালের সামনে তাঁদের গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
প্রতিবাদ বার্তায় হামলার জন্য কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী, দেবিদ্বার পৌর বিএনপির আহ্বায়ক শাহজাহান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব কাজী মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিব হাসান, পৌর যুবদলের সভাপতি শাহ জামান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্যসচিব তামিমের নেতৃত্বাধীন পক্ষকে দায়ী করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানোর অভিযোগ আনা হয়।
তবে অভিযোগের বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন এ এফ এম তারেক মুন্সী। তিনি নিজের ফেসবুক আইডিতে দেবিদ্বার উপজেলা বিএনপির ওই প্রতিবাদপত্র পোস্ট করে এর প্রতিবাদ জানিয়েছেন। তবে তাঁর পোস্টে হামলার অভিযোগের বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবাদ বার্তায় দেবিদ্বার উপজেলা বিএনপি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।