https://bindubanglatv.com/
উত্তরের জেলা পাবনার ঈশ্বরদীতে ধীরে ধীরে শীতের অনুভূতি শুরু হচ্ছে। সারাদিন রোদ থাকলেও সকাল- সন্ধ্যায় হালকা কুয়াশার দেখা মিলছে। এতে ভোর থেকে সকাল পর্যন্ত কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। সেই সঙ্গে সন্ধ্যার পর থেকে রাতেও শীতের কিছুটা অভাস পাওয়া যাচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দাশুড়িয়া, বহরপুর, ঢুলটি এলাকায় গিয়ে বেশিরভাগ মানুষকে হালকা মানের শীতের পোশাক পড়ে থাকতে দেখা গেছে। মুলাডুলি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফসলি মাঠে ভোর থেকে কোনো কোনো কৃষককে গরম কাপড় পড়ে কাজ করতে দেখা গেছে।
দাশুড়িয়া ট্র্যাফিক মোড়ের অটোরিকশা চালক মাসুম জানান, গত কয়েকদিন ধরে শীতের আভাস পাওয়া যাচ্ছে। আজ সকালে ঠান্ডা একটু অন্যদিনের চেয়ে বেশিই মনে হচ্ছে। এখন আস্তে আস্তে শীত নামবে। গাড়ি চালালে বাতাসের কারণে এখন যাত্রীরা পর্দা দিতে বলছে।
বহরপুরের কৃষক মুজাম হোসেন বলেন, শীত তো চলেই আসলো। এখন ঠান্ডা পড়া শুরু করবে। হঠাৎ আজ কুয়াশা একটু বেশিই দেখছি। ধানের শিষে, ঘাসের ওপর, গাছগাছালিতে কুয়াশা পড়ছে দেখা যাচ্ছে। তাছাড়া দূরে তাকালেও কুয়াশা ভালোই দেখা যাচ্ছে।
এদিকে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, তাপমাত্রা বেশ কয়েকদিন ধরেই ২০ ডিগ্রির নিচে নেমেছে। এখন ধীরে ধীরে আরো নিচে নামতে পারে তাপমাত্রা। আজ ঈশ্বরদীতে ভোর ৬টায় ১৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।