ঢাকা   ০৬:৪২:৪৯ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026,
  • 82 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. জুয়েল কাজী:

ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বর (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযানের পর ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার পূর্ব দিকে নদীর পানির নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পাউচা মাতুব্বর নগরকান্দা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মিরাকান্দা গ্রামের মৃত আব্দুস সাত্তার মাতুব্বরের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম আজাদের বড় ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে নামেন পাউচা মাতুব্বর। নদীতে নামার আগে তিনি ঘাটে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা রেখে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

রাতভর আশপাশের এলাকা ও নদীতে সন্ধান চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে বিষয়টি নগরকান্দা ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার অভিযানের পর ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার পূর্ব দিকে নদীর পানির নিচে পাউচা মাতুব্বরের মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতের পরিবারের সদস্যরা জানান, পাউচা মাতুব্বর আগে থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। পানি দেখলে তাঁর ওই অসুস্থতা বেড়ে যেত বলেও পরিবারের দাবি। তাঁদের ধারণা, নদীতে গোসল করতে নামার পর অসুস্থ হয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি