https://bindubanglatv.com/
গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগরীতে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সপুরা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
খাবার বিতরণের আগে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।
মাহফুজুর রহমান রিটন আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।