https://bindubanglatv.com/
মোহাম্মদ নুরুল আবছার:-
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার অভিযোগে ৭ জন রোহিঙ্গা সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোটসহ তাদের আটক করা হয়। শুক্রবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৩-৪ নটিক্যাল মাইল দূরে সাগর বক্ষে টহল দিচ্ছিল কোস্ট গার্ডের যুদ্ধজাহাজ ‘সৈয়দ নজরুল’। এ সময় মাছ ধরা শেষে ফিরে আসা একটি কাঠের ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা বোটটি থামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদে বোটে থাকা ব্যক্তিরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত সদস্য হিসেবে নিজেদের পরিচয় দেন। ক্যাম্প থেকে বের হওয়ার কোনো বৈধ অনুমতিপত্র বা পাস দেখাতে না পারায় বোটসহ ৭ রোহিঙ্গাকে আটক করা হয়।
তদন্তে জানা গেছে, আটককৃত ফিশিং বোটটির মালিক কক্সবাজারের টেকনাফ উপজেলার টেকনাফ বাজারের বাসিন্দা আলী আহমেদ। আটককৃত রোহিঙ্গারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন।
আটককৃতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উখিয়ার ১০ নম্বর বালুখালী ক্যাম্পের নূরে আলম (৫০), টেকনাফের ২১ নম্বর হোয়াইক্যং ক্যাম্পের মোঃ আইয়ুব (৪৮), ১৪ নম্বর পালংখালী ক্যাম্পের হাবি আলম (৪৮) ও তার ছেলে রেজুয়ান (২০) এবং ১৫ নম্বর জামতলি ক্যাম্পের রশিদ আহমেদ (৩৮)। এছাড়া কবির আহমেদ (৩৫) সহ আরও একজনের পূর্ণাঙ্গ পরিচয় যাচাই করা হচ্ছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।