https://bindubanglatv.com/
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ২৭৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১৩৩ জনকে মুচলেকায় জিম্মায় দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযানে অংশ নেয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। বিশেষ করে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়ে যাচাই-বাছাই করে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অন্য ১৩৩ জনকে মুচলেকায় জিম্মায় দেওয়া হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ, মাদক কারবার ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। তবে আটক ব্যক্তিদের মধ্যে কতজনের বিরুদ্ধে শেষ পর্যন্ত মামলা বা অন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।