মো. জুয়েল কাজী
জনগণের সেবা ও অবহেলিত এলাকার উন্নয়নের প্রত্যয় নিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সামাজিক ও মানবিক নেতা মো. ফয়েজ মাতুব্বর।
বৃহস্পতিবার বিকেলে কাইচাইল ইউনিয়নের সাদীপুর গ্রামে এলাকাবাসীর উপস্থিতিতে এক মতবিনিময় সভার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন।
ফয়েজ মাতুব্বর কাইচাইল ইউনিয়নের সাদীপুর গ্রামের কৃতী সন্তান। দীর্ঘদিন ধরে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে কাজ করে আসছেন। সাদীপুরসহ আশপাশের এলাকার মানুষের কাছে তিনি একজন পরিচিত ও জনপ্রিয় মুখ।
স্থানীয়দের অভিযোগ, কাইচাইল ইউনিয়নের সাদীপুর এলাকা দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। রাস্তাঘাটের বেহাল দশা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার নানা সংকটসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন এলাকাবাসী।
এ বিষয়ে ফয়েজ মাতুব্বর বলেন, “এলাকার উন্নয়নের স্বার্থে এবং জনগণের সমর্থনে আমি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। আমি সব সময় জনগণের সঙ্গে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। নির্বাচিত হলে সবার আগে সাদীপুরের মুখ উজ্জ্বল করার জন্য কাজ করব, ইনশাআল্লাহ।”
প্রার্থিতা ঘোষণার পর উপস্থিত এলাকাবাসী তাকে শুভেচ্ছা জানান। এলাকাবাসী আশা প্রকাশ করেন, ফয়েজ মাতুব্বর মেম্বার নির্বাচিত হলে অবহেলিত সাদীপুরের চিত্র পাল্টে যাবে।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ শুরু করেছেন।