লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্সে এসব কার্যক্রম পরিদর্শন করেন।
মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। এ সময় তিনি প্যারেডে অংশ নেওয়া পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন-আউট পরিদর্শন করেন। মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে তিনি পুলিশ সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শনকালে ডিআইজি বলেন, “পুলিশের দায়িত্ব পালনে শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পিটি ও প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতার পাশাপাশি দায়িত্ব পালনের মানসিক প্রস্তুতিও বৃদ্ধি পায়।”
তিনি পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও মানসিক দৃঢ়তা নিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
পরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি লক্ষ্মীপুর জেলা পুলিশের অস্ত্রাগার পরিদর্শন করেন। এ সময় তিনি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
অস্ত্রাগার পরিদর্শনকালে তিনি বলেন, “সরকারি অস্ত্র ও সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। এগুলোর যথাযথ সংরক্ষণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
তিনি অস্ত্র ও সরঞ্জামের নিরাপদ সংরক্ষণ এবং নির্ধারিত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।