কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার সক্রিয় গান কমান্ডার ও একাধিক মামলার আসামি মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) এবং তার সহযোগী আব্দুল হাফেজকে (২২) গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নৌকার মাঠ পুলিশ ক্যাম্প-৩-এর ইন্সপেক্টর (অপারেশন) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ সদস্য ও গোয়েন্দা সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার মোহাম্মদ আলম ওরফে মুছা ক্যাম্প-৬, ব্লক-ডি/৪-এর বাসিন্দা। তার বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা, অস্ত্র, মাদক এবং পুলিশের কাজে বাধাদানসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হত্যা, অস্ত্র ও মাদক মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মুছা রোহিঙ্গা ক্যাম্পে আরসার সশস্ত্র কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরসার সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় তার সহযোগী আব্দুল হাফেজকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. রিয়াজ আমিন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এপিবিএনের অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। ক্যাম্পের শান্তি-শৃঙ্খলা ও সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।