জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাসুদ পারভেজ ওরফে বাপ্পী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে জয়পুরহাট সদর থানার বম্বু ইউনিয়নের হানাইল পল্লীবিদ্যুৎ এলাকার আব্দুল খালেকের ডিপঘরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ পারভেজ ওরফে বাপ্পী জয়পুরহাট সদর উপজেলার হানাইল (পল্লীবিদ্যুতের পেছনে) এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ডিবি ওসির নেতৃত্বে এসআই (নিঃ) মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই (নিঃ) সাজেদুল ইসলাম, এএসআই (নিঃ) আসাদুজ্জামান, এএসআই (নিঃ) মো. সোহেল রানা এবং কনস্টেবল রাকিবুল ইসলাম ও কনস্টেবল পারভেজসহ একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাসুদ পারভেজ ওরফে বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।
এ বিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।