স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মদ উদ্ধারসহ মাদক বিক্রির ২ লাখ ২৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের তথ্যমতে, ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দের ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে ২ হাজার ৬১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ কেজি ৩৯০ গ্রাম গাঁজা এবং ১৪৬ লিটার ৫০০ মিলিলিটার মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রয়লব্ধ নগদ ২ লাখ ২৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ১৯৪ জনের মধ্যে ৫৬ জনকে মাদক ব্যবসায়ী, একজনকে মাদক বহনকারী এবং ১৩৭ জনকে মাদকসেবী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে মোট ৩৭ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে পরিচালিত মাদকবিরোধী অভিযানে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।