বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে খোন্দকার মোঃ মোরতাজুল করিম (বাদর)-কে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ক্ষুদ্রঋণ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মোহাম্মদ অতুল মন্ডল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের অনুচ্ছেদ ৫.২(i) ও ৮.৩(১) অনুযায়ী খোন্দকার মোঃ মোরতাজুল করিমকে বিএনএফের সাধারণ পরিষদ এবং পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এ ছাড়া খোন্দকার মোঃ মোরতাজুল করিমের ব্যক্তিগত ঠিকানা হিসেবে ১২৩/১, হাজী ওসমান গনি রোড, বংশাল, ঢাকা-১০০০ উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসকে পরবর্তী বাংলাদেশ গেজেটের সংখ্যায় প্রজ্ঞাপনটি প্রকাশের জন্য অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি আপলোডের জন্য সংশ্লিষ্ট আইসিটি সেলকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।