তীব্র গরমে পথচারী ও সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণে মানবিক উদ্যোগ নিয়েছে আল-হক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং বিভিন্ন সম্মানিত ডোনারের সহযোগিতায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ স্থানে সুপেয় পানির টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
টিউবওয়েলগুলো স্থাপন করা হয়েছে উপজেলার—
১. কানিহারী ইউনিয়নের মাদলার গোপ;
২. বড়মা, কানিহারী;
৩. সুলতানপুর, ফাতেমা নগর এলাকায়।
এসব স্থান দিয়ে চলাচলকারী পথচারী ও স্থানীয় বাসিন্দারা এখন সহজেই সুপেয় পানি পান করে তৃষ্ণা নিবারণ করতে পারবেন।
আল-হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আহছান আল হক বলেন, “তীব্র গরমে একজন পথচারীর এক গ্লাস পানির প্রয়োজন যেমন অনেক বড় স্বস্তির বিষয়, তেমনি মানুষের তৃষ্ণা নিবারণ করাও একটি মহৎ সদকার কাজ। এই মহতী উদ্যোগে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহতায়ালা তাঁদের দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।”
তিনি আরও বলেন, মানুষের কল্যাণে আল-হক ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সামর্থ্য অনুযায়ী অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমে পথচারীদের জন্য বিনামূল্যে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে দাতা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা অব্যাহত থাকলে ত্রিশালের আরও গুরুত্বপূর্ণ স্থানে সুপেয় পানির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
এদিকে ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, গরমের সময়ে পথচারী ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ।
আল-হক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উদ্যোগে আর্থিকভাবে সহযোগিতাকারী সকল ডোনারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।