হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন, রোগীদের সমস্যার কথা শুনলেন ড. খন্দকার মারুফ
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম, রোগীদের সুযোগ-সুবিধা এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন তিনি।
পরে হাসপাতালের টয়লেট, প্যাথলজি বিভাগ, রান্নাঘরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের সেবা এবং সামগ্রিক ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমানের সঙ্গে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ড. খন্দকার মারুফ হোসেন।
এ সময় হাসপাতালের প্রয়োজনীয় উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির বিষয়ে কুমিল্লার জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ‘মেঘনার সাধারণ মানুষ যেন নিজ এলাকায় মানসম্মত ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পান, সেটি নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। হাসপাতালের যেসব সমস্যা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় চিকিৎসক, জনবল, সরঞ্জাম ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হলে উপজেলার সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন।