কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৫০০ ফুট পাখি শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। এ সময় পাখি শিকারের জন্য তৈরি শতাধিক ঘর এবং ককসিট দিয়ে তৈরি আনুমানিক এক হাজারটি নকল বক ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের মাছকারিয়া বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালি বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, মোচারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমা, রাজাপালং বিট কর্মকর্তা রোকনুজ্জামানসহ উখিয়া রেঞ্জের বিভিন্ন বিটের স্টাফ এবং ইআরটি সদস্যরা অংশ নেন।
অভিযানে পাখি শিকারের উদ্দেশ্যে স্থাপন করা প্রায় ৫০০ ফুট ফাঁদ জব্দ করা হয়। একই সঙ্গে পাখি আকৃষ্ট করে শিকারের কাজে ব্যবহারের জন্য তৈরি শতাধিক ঘর ও ককসিটের তৈরি আনুমানিক এক হাজার নকল বক ধ্বংস করা হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্য পাখি শিকার বন্ধ এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।