রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাংবাদিকতার নাম ব্যবহার করে ভুয়া পরিচয়ধারীদের অপতৎপরতা বন্ধ এবং পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী রিপোর্টার্স ইউনিটি ও রাজশাহী রিভারসিটি প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে পেশাদার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাসুদ রানা রাব্বানীসহ কয়েকজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চক্র বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা নুরে ইসলাম মিলন, সুরুজ আলী, মাজহারুল ইসলাম চপল ও গোলাম মোস্তফা মামুনসহ যাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, কিছু ব্যক্তি স্বীকৃত গণমাধ্যমে কর্মরত না হয়েও সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন—এমন অভিযোগ রয়েছে। তাদের দাবি, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি বা অবৈধ সুবিধা আদায়ের সুযোগ না পান। এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়েও অভিযোগ তোলা হয়। বক্তারা দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রেসক্লাবকে কেন্দ্র করে দখল-পাল্টা দখলের ঘটনা ঘটেছে। এছাড়া প্রেসক্লাবের সদস্য না হয়েও গোলাম মোস্তফা মামুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, গোলাম মোস্তফা মামুন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। ফলে একজন রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তি কীভাবে পেশাদার সাংবাদিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। একই সঙ্গে তার সঙ্গে থাকা ব্যক্তিদের সাংবাদিক পরিচয় ও পেশাগত সংশ্লিষ্টতা যাচাইয়ের দাবি জানানো হয়।
এ সময় বক্তারা সাইবার স্পেসে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার ও ভুয়া পরিচয় ব্যবহারকারীদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন। পাশাপাশি প্রকৃত সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব পালনে হয়রানি বা বাধার মুখে না পড়েন, সে বিষয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং রাজশাহী রিভারসিটি প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা রাব্বানীর সঞ্চালনায় সমাবেশে বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, দৈনিক ‘আমার দেশ’-এর স্টাফ রিপোর্টার শামীমসহ স্থানীয় সাংবাদিক নেতারা বক্তব্য দেন।