https://bindubanglatv.com/
মেঘনা প্রতিনিধি :
কুমিল্লার মেঘনা উপজেলার দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার।
সমাবেশে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাদকের ভয়াবহ কুফল ও ইভটিজিংয়ের নেতিবাচক প্রভাব নিয়ে উপস্থিত মা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহীদুল ইসলাম।
এ সময় অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব, পড়াশোনা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; প্রয়োজন পারিবারিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ। সন্তানদের প্রতি অভিভাবকদের নিয়মিত খোঁজখবর ও ইতিবাচক নজরদারি নিশ্চিত করা জরুরি।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।