ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. মানিক মিয়া (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার কাঁঠাল ইউনিয়নের বিলবোকা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ১১টার দিকে ৩ নম্বর কাঁঠাল ইউনিয়নের বিলবোকা সাকিনস্থ হালিমা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় মানিক মিয়াকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মো. মানিক মিয়া উপজেলার কাঁঠাল (আয়নাক্ষেত) গ্রামের মৃত আব্দুল হাই ও মৃত রাশেদা খাতুনের ছেলে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে ত্রিশাল থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে পুলিশের আরও কঠোর ও নিয়মিত অভিযান প্রত্যাশা করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।