বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে দপদপিয়া ব্রিজে বিআরটিসি বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ অন্তত কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দপদপিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে তিনজন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে নির্ভরযোগ্য সূত্রে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।