https://bindubanglatv.com/
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৮৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪১০ জনকে আটক করা হয়। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৬ সদস্যকে গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ২৪ অক্টোবর ২০২৬ তারিখের ২৪ ঘণ্টার প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৮, পূর্ববর্তী মামলায় ৭৬, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩২, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৯ এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৯ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানাভুক্ত ১২৬ ও সাজা পরোয়ানাভুক্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মাদক মামলায় মাদকসেবী হিসেবে ৭৯ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে ৪৬ জনকে গ্রেপ্তারের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযানে গ্রেপ্তারের পৃথক একটি হিসাবে ১২৫ জনের কথা উল্লেখ করা হয়েছে।
অভিযানে ২০ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ কেজি ৬৭ গ্রাম গাঁজা, ২৭ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ, ১০ বোতল বিদেশি মদ এবং ১১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে গ্রেপ্তার ৩৬ জনের মধ্যে কুমিল্লার ২৪, চট্টগ্রামের ৫, নোয়াখালীর ২, রাঙামাটির ২, ব্রাহ্মণবাড়িয়ার ১, ফেনীর ১ ও খাগড়াছড়ির ১ জন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১০ জনের মধ্যে ২২৪ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৮৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় ১৬২, লক্ষ্মীপুরে ৫৭, নোয়াখালীতে ৪৫, চট্টগ্রামে ২৫, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে ১৩ ও ১২, কক্সবাজারে ১২, খাগড়াছড়িতে ৯, রাঙামাটিতে ৭ এবং চাঁদপুরে ৬৮ জনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনস্বার্থে পরিচালিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।